বগুড়ার নন্দীগ্রামে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০), ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫), বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল আলীম (৪২) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আইয়ুব আলী উপজেলার শিমলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। আশরাফুল ইসলামের বাড়ি চাকলমা গ্রামে। তিনি মৃত ইব্রাহিম আলীর ছেলে। আব্দুল আলীম বৃকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আর আব্দুল আজিজ নামুইট (চুকাইপাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবু তালেব।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চারজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস