কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা ও অশান্তি থেকে দেশের মানুষকে রক্ষায় ভারতের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলীর কাছে দোয়া চেয়েছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এক ইসলামি মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
মাহফিলে উপস্থিত ভারতের ইসলামি বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলীকে উদ্দেশ করে এমপি বাবুল বলেন, ‘হুজুর, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। আপনি তো আমাদের মেহমান। ওইখানে তাদের জন্য একটু দোয়া করেন, যাতে অশান্তি তৈরি না করে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন শান্তিতে আছি, শুকরিয়া। হুজুরকে বলব, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে তাদের হেফাজত করেন, তারা যেন আমাদের অশান্তি তৈরি না করে।’
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘তারা পালিয়ে গেছে। বাংলাদেশে পালানোর ইতিহাস নাই, তারা পালিয়ে গেছে। এখনো আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। আপনি শুধু তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।’
এ সময় এমপি বাবুলের বক্তব্যে আওয়ামী লীগের প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য উঠে আসে। ভারতের বক্তার কাছে ‘ওই পাশে’ থাকা ব্যক্তিদের জন্য দোয়া চাওয়ার মধ্য দিয়ে তিনি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করেন।
সদ্য সংবাদ/ এরআর