তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়াতে এ্যানি-টুকুসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ০১:৫৪:৪০
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তাঁরা এ দায়িত্ব পালন করছেন।

বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই টিমকে। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তাঁরা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। এ কাজে টিমকে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের পাঁচ জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। এতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা জানান, পাঁচ সদস্যের এই টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্বের যোগাযোগ বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দায়িত্বও রয়েছে টিমের।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূলের নেতাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।


​সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী