কুষ্টিয়ায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ায় সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজির প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য।
আমির হামজা বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কুষ্টিয়াতেও জেলা কারাগারের সামনে বিস্ফোরণ এবং পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সংসদে প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চান তারা। কিন্তু কুষ্টিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে আমির হামজা বলেন, কুষ্টিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। সর্বশেষ হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গুলিবর্ষণের অভিযোগও করেন তিনি। এ ঘটনায় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেন সংসদ সদস্য।
জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকারকেই নিতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।
আমির হামজা জানান, সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজির প্রতিবাদে দেশের ৬৪ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কুষ্টিয়ার আয়োজনও সেই কর্মসূচির অংশ।
এ সময় আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে তিনি কোরআনের সূরা আম্বিয়ার ৯৫ নম্বর আয়াতের উল্লেখ করেন। অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটিয়ে সবাইকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/এজে