সন্তানের মৃত্যুর খবর পেয়েও প্যারোলে মুক্তি মিলল না কারাবন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির। সাপ্তাহিক ছুটির কারণে প্যারোলে মুক্তির আবেদন করা সম্ভব না হওয়ায় ছেলের মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। সেখানেই কারাগারের ফটকে শেষবারের মতো সন্তানকে দেখার সুযোগ পান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে শারমিনের ছেলে তূর্যের মরদেহ কারাগারে নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহটি ভেতরে নেওয়া হলে বন্দি মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ নিয়ে স্বজনেরা কারাগার ত্যাগ করেন।
পরিবারের সদস্যরা জানান, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা ছিল তূর্যের। মায়ের ওপর নির্ভরশীল ছিল তার দৈনন্দিন জীবন। শারমিন গ্রেপ্তার হওয়ার পর থেকে ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়া-দাওয়া ও ওষুধ গ্রহণ না করায় তার শারীরিক অবস্থার অবনতি হয়।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে ঢাকার লালবাগের সাহেব বাজার এলাকার বাসা থেকে তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
নিপুন বলেন, স্ত্রীর গ্রেপ্তারের পর ছেলের অবস্থার অবনতি হতে থাকে। সন্তানের মৃত্যুর পর স্ত্রীকে প্যারোলে মুক্ত করার চেষ্টা করলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে ছেলের মরদেহ কারাগারে নিয়ে যান, যেন মা শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন। তাঁর অভিযোগ, শারমিনের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না; ষড়যন্ত্র করে তাঁকে মামলায় জড়ানো হয়েছে।
এদিকে শারমিনের ছোট বোন শাম্মী অভিযোগ করেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। এরপরও মিথ্যা অভিযোগে তাঁকে কারাগারে রাখা হয়েছে। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও প্যারোলে মুক্তির ব্যবস্থা করা যায়নি। শেষ পর্যন্ত মাত্র পাঁচ মিনিটের জন্য সন্তানকে দেখার সুযোগ পেয়েছেন তাঁর বোন।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের আবেদনের পর নিয়ম অনুযায়ী শারমিন সুলতানাকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি কারাগারে আনা হয়। এ সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বিধি অনুযায়ী বন্দিকে সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
সদ্য সংবাদ/এসএস