রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তাঁকে একনজর দেখতে ও তাঁর বক্তব্য শুনতে আগে থেকেই মাহফিলস্থলে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আজহারী মাঠে প্রবেশ করেন। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে মঞ্চে থাকা অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
এর আগে বিকেলে ঢাকার একটি ফ্লাইটে রাজশাহী পৌঁছান আজহারী। হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে মাহফিলের উদ্দেশে রওনা হন তিনি।
আয়োজকদের সূচি অনুযায়ী, শনিবার বাদ এশা তাঁর তাফসির মাহফিলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ আয়োজনে এর আগে বিভিন্ন ইসলামি বক্তা ও আলেম পবিত্র কোরআন এবং ইসলামের নানা বিষয়ে আলোচনা করছেন।
মাহফিলকে ঘিরে সকাল থেকেই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
আয়োজক ওলামা-মাশায়েখ পরিষদ জানিয়েছে, অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং এটি রাজশাহীর অন্যতম বড় তাফসির মাহফিলে পরিণত হবে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
সদ্য সংবাদ/এসএস