গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালন করতে গিয়ে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যের চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানতে চান। এ সময় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনের সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় হামলায় আহত হন খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন। মাথায় আঘাত পাওয়ার পর তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ছাড়া গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান এবং সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া।
ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। অন্যদিকে, সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভাঙার পাশাপাশি ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।
গোপালগঞ্জ ও গাজীপুরের পৃথক ঘটনায় আহত তিন বিজিবি সদস্যই বর্তমানে পিলখানার বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদ্য সংবাদ/এজে