দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মতে, কেবল উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা নিশ্চিত হবে না। বরং প্রযুক্তিগত জ্ঞান, ব্যবহারিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের দুই হাজারের বেশি অধ্যক্ষ অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, অটোমেশন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির বিস্তারে কর্মক্ষেত্রের ধরন বদলে যাচ্ছে। ফলে শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি ভবিষ্যতের শ্রমবাজারের উপযোগী করে প্রস্তুত করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সময় থেকেই বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দিতে হবে। এ জন্য ইন্টার্নশিপ, শিক্ষানবিশ প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানে কাজ শেখার সুযোগ বাড়াতে হবে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।
কলেজের শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং একাডেমিক কার্যক্রমের মান অনেকাংশেই অধ্যক্ষের নেতৃত্বের ওপর নির্ভর করে। তাই প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি শিক্ষার গুণগত পরিবর্তনেও তাঁদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শিক্ষকদের আধুনিক পাঠদান পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দেন তিনি। একই সঙ্গে গবেষণাভিত্তিক ও শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা কার্যক্রম চালুর আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজির পাশাপাশি আরবি, জাপানি, চীনা, কোরীয়, ফরাসি ও জার্মানসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করা প্রয়োজন। প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণের কথাও বলেন তিনি।
এ ছাড়া কলেজগুলোতে শিক্ষকসংকট দূর করা, শূন্যপদ পূরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন, গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের সংঘাত পরিহারের তাগিদ দিয়ে তিনি বলেন, মতাদর্শের পার্থক্য থাকলেও তা যেন শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত না করে। পাশাপাশি অসচ্ছল, প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলাই হওয়া উচিত দেশের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য।
সদ্য সংবাদ/এসএস