শরীয়তপুরের ভেদরগঞ্জে সরকারি রাস্তা অবৈধভাবে আটকে বালু পরিবহনের পাইপ বসানোর ঘটনায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দুটি মামলায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মনুয়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি রাস্তা আটকে পাইপ স্থাপন এবং অবৈধভাবে বালু পরিবহনের বিষয়টি অভিযান পরিচালনার অন্যতম কারণ। এসব কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুটি মামলা করা হয়। পরে মামলাগুলোতে সংশ্লিষ্টদের মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধের পাশাপাশি সরকারি রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
সদ্য সংবাদ/এসএস