দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পর্দা নেমেছে পঞ্চম সিজনের শেষ পর্বের মধ্য দিয়ে। শুক্রবার (২৭ নভেম্বর) প্রচারিত শেষ ছয়টি পর্বে গল্পের সমাপ্তি টানেন নির্মাতা কাজল আরেফিন অমি। তবে শেষ মুহূর্তে কাবিলার মাকে ঘিরে সাজানো গল্প দর্শকদের আবেগে নাড়া দিয়েছে। ধারাবাহিকটিতে কাবিলা চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া জিয়াউল হক পলাশও সিরিজটির বিদায়লগ্নে আবেগ ধরে রাখতে পারেননি।
শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে তিনি স্মৃতিচারণ করেন। পোস্টে পলাশ লেখেন, ‘আই কাবিলা, আর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান।’ তাঁর ভাষায়, এই সংলাপ হয়তো আর কখনো বলা হবে না। তবে চরিত্রটির সঙ্গে জড়িয়ে থাকা সংলাপ ও স্মৃতি আজীবন মনে থাকবে।
‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার মা পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদ। ধারাবাহিকের গল্পে তাঁকে সরাসরি খুব বেশি দেখা না গেলেও ফোনে তাঁর কণ্ঠ ছিল পরিচিত। গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেত্রী। শেষ পর্বে গল্পের প্রয়োজনে পলি চেয়ারম্যানের মৃত্যুর খবর আসে।
মায়ের মৃত্যুসংবাদ পেয়ে গ্রামে ফিরে যায় কাবিলা। তার সঙ্গে যায় বন্ধুরাও। পর্দায় এই বিদায়ের দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করেছে। প্রয়াত অভিনেত্রীকে সম্মান জানিয়ে শেষ পর্বটি তাঁকে উৎসর্গ করেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। পর্বের শেষে গুলশান আরার ছবি দেখিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।
একজন অভিনেত্রীর প্রতি নির্মাতা ও সহশিল্পীদের এমন সম্মান প্রদর্শনের প্রশংসা করছেন দর্শকদের অনেকে। ১৪০ পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদন দেওয়া এই ধারাবাহিকের সমাপ্তি ঘোষণা করেছেন নির্মাতারা।
তবে শেষ দিকে গল্পের কিছু বিষয় খোলা রাখা হয়েছে। ফলে ভবিষ্যতে নতুন কোনো পর্ব বা সিজনে ধারাবাহিকটি ফিরবে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়ে গেছে।
সদ্য সংবাদ/এসএস