কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রভাবে গোপালগঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) কর্মসূচির প্রথম দিন সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল কমে গেছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও দূরপাল্লার বাস চলাচল।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না বাসিন্দারা। কোথাও কোথাও রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও গণপরিবহনের দেখা মিলছে না বললেই চলে।
স্থানীয়দের ভাষ্য, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এর ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়িক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। সব মিলিয়ে জেলার বিভিন্ন এলাকায় বিরাজ করছে উদ্বেগ ও থমথমে পরিবেশ।
এদিকে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। মাঠে দায়িত্ব পালন করছেন ৫৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। পুলিশও বিভিন্ন স্থানে নিরাপত্তাচৌকি বসিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
লকডাউন ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস