ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বক্তব্যে বাঁধন বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’
ঘটনার পর ইতালির পুলিশ তাকে সহযোগিতা করেছে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। তার অফিস থেকে লোক আসছে। তাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।’
মামলার পক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। বাঁধন বলেন, ‘যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশি।’
এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনও তৎপর হয়েছে বলে জানিয়েছে ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে ভেনিসে অবস্থান করছেন অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন।
প্রতিবেদন অনুযায়ী, ভেনিসের মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হাতে শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন তিনি। হামলার সময় তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করা হয়।
‘ইল গাজ্জেত্তিনো’ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভেনিস পুলিশ। সিসিটিভি ফুটেজে থাকা হামলাকারীদের শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তদন্ত চালিয়ে যাচ্ছে।
এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে হামলা ও শারীরিক লাঞ্ছনার বিষয়টি জানান বাঁধন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
সদ্য সংবাদ/ এআর