লাল শাড়ি, সোনালি গয়না আর হাতে আলতার রঙে নতুন এক সাজে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তাঁর এই ব্রাইডাল লুকের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে বিয়ের সাজে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে উপস্থিত হতে দেখা যায় তাঁকে।
ভিডিওতে লাল পর্দা ও ঝাড়বাতির নান্দনিক পরিবেশে কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে, আবার কখনো আলতামাখা হাত ও আঙুলের বড় আংটি দেখিয়ে পোজ দিয়েছেন পূর্ণিমা। একপর্যায়ে নকশা করা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসতেও দেখা যায় তাঁকে।
ভিডিওটির ক্যাপশনে ইংরেজিতে ‘The art of bridal elegance. Grace in every detail, beauty in every frame.’ লিখেছেন পূর্ণিমা। অর্থাৎ, বিয়ের সাজের সৌন্দর্য ও প্রতিটি খুঁটিনাটিতে আভিজাত্যের প্রকাশ তুলে ধরেছেন তিনি। ভিডিওর সঙ্গে ব্যবহার করা হয়েছে ‘পায়েল মোরি’ গানটি।
ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তরা মন্তব্যের ঘরে অভিনেত্রীর সৌন্দর্য ও সাজের প্রশংসা করছেন। কেউ তাঁর রূপের রহস্য জানতে চেয়েছেন, আবার কেউ মজার ছলে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। সব মিলিয়ে পূর্ণিমার নতুন এই ব্রাইডাল লুক ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।
সদ্য সংবাদ/এজে