দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে নতুন নাটক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ক্যামেরার সামনে ছিলেন না তিনি। গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরার পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।
গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। মুক্তির পর অল্প সময়েই দর্শকসংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত নাটকটির ভিউ ১৫ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।
‘অংশীদার’ নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক দ্বন্দ্ব, নারীর সম্পত্তিতে ন্যায্য অধিকার, আত্মসম্মান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়গুলো। গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
নাটকটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানিয়েছেন অনেক দর্শক। কেউ গল্পের সঙ্গে নিজের পরিবারের বাস্তবতার মিল খুঁজে পেয়েছেন, আবার কেউ নারীর সম্পত্তির অধিকার নিয়ে নাটকে তুলে ধরা বক্তব্যের প্রশংসা করেছেন।
দর্শকদের মন্তব্যে উঠে এসেছে, ভাই না থাকলে মেয়েদের সম্পত্তির অধিকার নিয়ে সমাজে প্রচলিত নানা জটিলতা ও অভিজ্ঞতার কথা। কেউ কেউ জানিয়েছেন, নাটকের কাহিনি তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গেও মিলে গেছে।
তবে নাটকের গল্পের পাশাপাশি তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনও দর্শকদের আলোচনায় বিশেষ জায়গা করে নিয়েছে। দীর্ঘ বিরতির পর তাকে নতুন কাজে দেখে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তার সুস্থতা ও নিয়মিত অভিনয়ে থাকার প্রত্যাশাও জানিয়েছেন ভক্তরা।
নাটকটির সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্মাতা ইকসান রনি। তার ভাষ্য, ‘অংশীদার’-এর মাধ্যমে সমাজের পরিচিত একটি বাস্তবতা এবং নারীর অধিকার ও আত্মমর্যাদার বিষয় দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছেন তারা। অল্প সময়ের মধ্যে দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়া পুরো নির্মাণ দলের জন্য অনুপ্রেরণা।
তানিয়া বৃষ্টির সঙ্গে কাজের পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা জানান, গত বছরের শেষ দিকে তাদের একসঙ্গে কাজ করার কথা থাকলেও অভিনেত্রীর অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। পরে প্রায় এক মাস আগে আবার যোগাযোগ হয়। ‘অংশীদার’-এর গল্প পড়ে তানিয়া নিজেই অভিনয়ের আগ্রহ দেখান।
শুটিং শুরুর আগে দুই দিন প্রস্তুতির জন্য সময় দেন নির্মাতা ও অভিনেত্রী। ইকসান রনির মতে, কাজে ফেরার বিষয়ে তানিয়া বেশ আগ্রহী ছিলেন এবং শুটিংয়ে তাকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। চরিত্রটিতেও নিজের অভিনয় দিয়ে ভালো করেছেন তিনি।
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর ‘অংশীদার’ দিয়ে তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। নাটকটির সাফল্যের পাশাপাশি অভিনেত্রীর অভিনয়ে ফেরাকে ঘিরেও ভক্তদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
সদ্য সংবাদ/এজে