বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে সর্বোচ্চ সমর্থন পেয়েছেন মাহি। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিজের এই অর্জনের খবর জানান তিনি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে মাহির পোশাক ও উপস্থাপনা বিশেষভাবে নজর কাড়ে। প্রচলিত বিকিনির পরিবর্তে নীল রঙের শরীর ঢাকা ফিটিং পোশাক বেছে নেন তিনি। এর সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়। ব্যতিক্রমী এই সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়।
নিজের সাফল্যের খবর জানিয়ে মাহি বলেন, সুইমস্যুট ও ইভনিং গাউন—উভয় বিভাগেই দর্শকদের ভোটে বাংলাদেশের প্রতিনিধিত্ব বিজয়ী হয়েছে। পাশাপাশি জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপের স্বীকৃতি পেয়েছেন তিনি।
আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখে কৃতজ্ঞতা জানান এই মডেল। তার মতে, পুরো প্রতিযোগিতায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও উৎসাহ ছিল এগিয়ে যাওয়ার বড় অনুপ্রেরণা।
বিশ্বমঞ্চে পাওয়া এই স্বীকৃতিকে শুধু নিজের অর্জন হিসেবে দেখছেন না মাহি। বাংলাদেশের মানুষের সমর্থন ও ভালোবাসাকেই নিজের পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তিনি।
সদ্য সংবাদ/এজে