সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্যাপন, নিজ দেশের ঐতিহ্য তুলে ধরা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব সুদৃঢ় করার লক্ষ্যে পর্তুগালের লিসবনে অবস্থিত ‘আইএসসিটিই—ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন’-এ গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘গ্লোবাল ভিলেজ’।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৩৫টির বেশি দেশ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রতিটি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।
উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে সাজানো স্টলটি ছিল দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে এতে অংশগ্রহণ করেন হাফসা মনি, ইশরাত সাদাফ, অপরাজিতা মিত্র, আতিকুল হক ও তৌফিক আহমেদ।
বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনশিল্প ও আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরতে স্টলে পরিবেশন করা হয় দেশীয় নানা ধরনের খাবার। মূল খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, বেগুন ভাজা ও হরেক রকমের ভর্তা। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পথখাবার ঝালমুড়ি, চটপটি ও আলু ঘুগনি। মিষ্টান্ন হিসেবে ছিল রসমালাই, কালোজাম, রসগোল্লা ও সেমাই।
খাবারের পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আনন্দঘন সংগীত পরিবেশনা। অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা একে অপরের দেশের স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর ‘গ্লোবাল ভিলেজ’ আয়োজন করে এবং ভোটের মাধ্যমে ‘সেরা প্রতিনিধিত্বকারী দেশ’ ঘোষণা করে। গত বছর এ স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। গত বছরের অংশগ্রহণকারী শিক্ষার্থী ঐশী দাস বলেন, ‘আমরা গত বছর সেরা প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে ঘোষিত হয়েছিলাম। এ বছর সেটি না হলেও নতুন শিক্ষার্থীরা দারুণভাবে অংশগ্রহণ করেছে এবং সবার প্রশংসা পেয়েছে।’
এবারের অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, শুধু খাবার পরিবেশন নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিজস্ব পরিচয়, সংস্কৃতি ও আতিথেয়তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল তাঁদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য।
সদ্য সংবাদ/ এআর