স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। এ লক্ষ্যে বাংলাদেশের ওষুধ রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশের মেডিকেল কলেজগুলোতে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তামন্ত্রী নীশা মেহতা বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
আলোচনায় চিকিৎসা খাতে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে বাংলাদেশের ওষুধশিল্পের সঙ্গে নেপালের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং চিকিৎসক তৈরিতে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেপালি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং নতুন অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দুই মন্ত্রী। পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে—এমন উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।
বৈঠকে আঞ্চলিক পর্যায়ে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিমসটেকসহ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা করেন তারা।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের ওষুধশিল্পের জন্য নেপালের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় নেপালি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ার পথও আরও সুগম হবে।
সদ্য সংবাদ/এসএস