যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের ইজাজ আহমেদ (২১), শিকড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান মিলন (৪০) এবং শিকড়ী মধ্যপাড়া গ্রামের মশিউর রহমান (৪২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হাসান মাহমুদ পোড়াবাড়ি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইজাজ আহমেদ বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আব্দুর রহমান মিলন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং মশিউর রহমান পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, পুরোনো একটি মামলার তদন্তের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে বুধবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস