জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এক বৈঠকে এসব আগ্রহের কথা জানান তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ান একই সঙ্গে জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের কার্যক্রমের শুরুতেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ এই আলোচনা হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে বিস্তারিত কথা হয়। বাংলাদেশের জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতা ও অভিযোজন কৌশলের প্রশংসাও করেন এমিনে এরদোয়ান।
বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়ে তুরস্কের ফার্স্ট লেডি আগ্রহ দেখিয়েছেন জানিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে ওই দল। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত সংকট, মাতৃস্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুতের ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের পাট থেকে তৈরি পচনশীল পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান।
বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্ষমতায়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কেও তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন তিনি।
আলোচনায় স্থান পায় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটও। ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ও কক্সবাজারের শিবির পরিদর্শনের অভিজ্ঞতা স্মরণ করেন এমিনে এরদোয়ান। রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা নিয়ে দুই পক্ষ আলোচনা করে।
প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তুরস্কের ফার্স্ট লেডি।
এদিকে বৈঠকে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে বাংলাদেশের সঙ্গে পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে সুবিধাজনক সময়ে আবারও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, এই বৈঠকের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস