নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালত এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। শুনানির একপর্যায়ে নিজের ১২ শতাংশ জমি লিখে দেওয়ার প্রস্তাব দিয়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিযুক্ত শিক্ষক। তবে আদালত তার সেই আবেদন গ্রহণ করেননি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় পড়াশোনা করত শিশুটি। ওই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে সে কাউকে কিছু জানায়নি। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয় শিশুটি।
চলতি বছরের এপ্রিল মাসে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করে তৎকালীন র্যাব-১৪। পরে পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় নির্যাতনের শিকার শিশুটি। আদালতের নির্দেশে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর মিল পাওয়া যায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ।
তদন্ত শেষে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগপত্রটি দাখিল করা হয়।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা ও বিচারিক কার্যক্রম শেষে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস