জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত ১০ নভেম্বরের নির্ধারিত একাডেমিক কার্যক্রমের হিসাব চেয়েছে কর্তৃপক্ষ। ওই দিনের ক্লাস ও পরীক্ষা যথাসময়ে হয়েছে কি না, পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি ও ছুটির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের কাছে সংশ্লিষ্ট তথ্য পাঠানোর কথা বলা হয়েছে।
প্রশাসনের নির্দেশনায় ১০ নভেম্বর ২০২৬ তারিখে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। নির্ধারিত কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তাঁর অনুপস্থিতির কারণ এবং যথাযথ নিয়মে ছুটি নেওয়া হয়েছিল কি না, সেটিও প্রতিবেদনে উল্লেখ করতে হবে।
অফিস আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে জারি করা এ আদেশের মাধ্যমে নির্দিষ্ট দিনের একাডেমিক কার্যক্রম ও শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
সদ্য সংবাদ/এজে