সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দায়ের করা ইউসিবির ২৫ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত এ তারিখ নির্ধারণ করেন।
যুক্তিতর্ক শুনানি শেষে আদালতের বিচারক মিজানুর রহমান রায়ের দিন ধার্য করেন। এর আগে মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগ, ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদিত ২৫ কোটি টাকার ঋণ চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং। অভিযোগপত্রে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মচারীদের নামে নিবন্ধিত ছিল। পরে বিভিন্ন হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়।
তদন্তে দুদক জানতে পারে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে ভিশন ট্রেডিংয়ের নামে ট্রেড লাইসেন্স নেওয়া হয়। ওই লাইসেন্সের ভিত্তিতে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবির চট্টগ্রামের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির চলতি হিসাব খোলা হয়।
এরপর ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, হলুদ, ছোলা ও মটর আমদানির উদ্দেশ্যে ১৮০ দিনের জন্য ঋণ চাওয়া হয়। দুদকের অভিযোগ, যথাযথ যাচাই ছাড়াই ব্যাংকের পরিচালনা পর্ষদ ঋণটি অনুমোদন করে। পরে পে-অর্ডারের মাধ্যমে অনুমোদিত অর্থ চারটি প্রতিষ্ঠানের হিসাবে পাঠানো হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, স্থানান্তরিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়। অন্যদিকে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে অর্থ জমা দিয়ে দায় সমন্বয়ের অভিযোগও রয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান গত বছরের ২৪ জুলাই এ ঘটনায় মামলা করেন। প্রাথমিকভাবে মামলায় ৩১ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। তাঁদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান এবং ব্যাংক ও আরামিট গ্রুপের সাবেক কর্মকর্তারা রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গত ৫ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন। এতে ৯২ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদারের মৃত্যু হওয়ায় তাঁদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ৪ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৪ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান আদালতে সাক্ষ্য দেন। পরে ২৫ অক্টোবর থেকে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সবশেষে বুধবার যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার মধ্য দিয়ে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছায়।
এদিকে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের আরও মামলা রয়েছে। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাঁদের নামে থাকা সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।
সদ্য সংবাদ/এজে