কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যায় মোবারকের ফাঁসির আদেশ

ক
কুবি প্রতিনিধি (মোঃ ইব্রাহিম)
১১ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬:২৪
ছবি: সদ্য সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুই হত্যার দায়ে তাঁকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। মামলায় মোবারকই ছিলেন একমাত্র আসামি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন জানান, আদালত সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মাকে হত্যা করা হয়। পরদিন ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৩ বছর। তাঁর মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।

তদন্তে উঠে আসে, কবিরাজি ও ঝাড়ফুঁকের কাজের সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়েছিল। পেশায় কবিরাজ মোবারক কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবেও কাজ করতেন। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য ও আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের সময় তাঁর মা বিষয়টি দেখে ফেলেন। এরপর প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।

ঘটনার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। এ ছাড়া বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও তদন্তে উঠে আসে।

তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র জমা দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ২৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ৫ নভেম্বর রায় ঘোষণার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে তিন মাস ১৫ দিনের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করে রায় দেওয়া হয়েছে। এ রায়ে তাঁরা সন্তুষ্ট। তাঁর ভাষ্য, এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

ঘটনাটি সামনে আসার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। আদালতের রায়ের মধ্য দিয়ে আলোচিত এ দ্বৈত হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার