যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬ ২২:২২:৩৯
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে পারমাণবিক হামলার ঝুঁকি নিয়ে নাগরিকদের সতর্ক করেছে ইরান। সম্ভাব্য এমন হামলায় প্রাণহানি ও তেজস্ক্রিয় দূষণ থেকে সাধারণ মানুষ কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন, তা জানিয়ে একটি শিক্ষামূলক ভিডিও প্রকাশ করেছে দেশটির সরকার। ভিডিওটি প্রকাশের পর বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক হামলার আশঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২৯ অক্টোবর ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা আট মিনিটের ওই ভিডিও প্রকাশ করে। একই সঙ্গে নাগরিকদের জন্য বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়। এর আগে মার্কিন রাজনৈতিক উপস্থাপক টাকার কার্লসনের বার্তা এবং গত ১৬ অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রকাশ্য হুঁশিয়ারির পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব আবারও পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ধ্বংসযজ্ঞের আশঙ্কার মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য বিপর্যয় এড়াতে এবং হামলার সময় ও পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে নিজেদের রক্ষা করবেন, ভিডিওতে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ভিডিওতে নিরাপদ আশ্রয় গ্রহণ, তেজস্ক্রিয় দূষণ এড়িয়ে চলা এবং তেজস্ক্রিয় ধূলিকণা বা ফলআউট থেকে বাঁচার উপায় জানানো হয়েছে। নাগরিকদের ভূগর্ভস্থ কক্ষ কিংবা বেসমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে। একই সঙ্গে জানালা থেকে দূরে থাকতে এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ বাইরের বাতাস ঘরে প্রবেশ করায়—এমন বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

খোলা জায়গায় আটকা পড়লে কী করতে হবে, সে বিষয়েও নির্দেশনা রয়েছে ভিডিওতে। প্রাথমিক বিস্ফোরণের ধাক্কা কেটে যাওয়ার পর যত দ্রুত সম্ভব নিকটবর্তী মজবুত ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের এ নির্দেশনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মিসর ও সৌদি আরবের সংবাদমাধ্যমগুলোও। নির্দেশনায় বলা হয়েছে, হামলার পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এ সময় প্যাকেটজাত খাবার ও বোতলজাত পানি ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই যানবাহনের ভেতরে আশ্রয় নেওয়া যাবে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিসরীয় সংবাদমাধ্যম ভেটো জানিয়েছে, নির্দেশনায় অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়কেন্দ্রে অবস্থানের প্রস্তুতি রাখার কথাও বলা হয়েছে।

রিয়াদভিত্তিক সৌদি নিউজ ৫০ এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জনগণকে সতর্ক করে বলেছে, ২৪ ঘণ্টা পার হলেই আশপাশের পরিবেশ নিরাপদ হয়ে গেছে—এমনটি ধরে নেওয়া যাবে না।

সৌদি নিউজ ৫০-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ভবনে আগুন লাগলে অথবা সেটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে সেখান থেকে বেরিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

মিসরীয় সংবাদমাধ্যম সাদা এল বালাদ জানিয়েছে, বিস্ফোরণ দেখার বা ছবি তোলার জন্য বাইরে অবস্থান না করতে এবং যানবাহনকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইরানের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, তেজস্ক্রিয় কণা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। ফলে বিস্ফোরণস্থল থেকে অনেক দূরে অবস্থান করলেও মানুষ ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

বাতাসে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় কণার বিপদ সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নির্দেশনায়। ইস্ফাহান রেড ক্রিসেন্ট সোসাইটির আদেলজাদেহ জানিয়েছেন, তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্ফোরণস্থল থেকে দূরে থাকা মানুষেরও ক্ষতি করতে পারে।

তিনি ইরনাকে বলেন, ‘বিস্ফোরণের মূল স্থান থেকে দূরে থাকা ব্যক্তিদেরও সরকারি সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের বাড়ি বা কর্মস্থলে থাকা নিরাপদ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

ভিডিওতে প্রুশিয়ান ব্লু নামের একটি ওষুধের কথাও উল্লেখ করা হয়েছে। শরীরে তেজস্ক্রিয় সিজিয়াম-১৩৭ প্রবেশের ফলে সৃষ্ট নির্দিষ্ট ধরনের অভ্যন্তরীণ দূষণের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়।

কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, তড়িৎচুম্বকীয় স্পন্দন বা ইএমপির কারণে ইলেকট্রনিক সরঞ্জাম ও যোগাযোগব্যবস্থা অচল বা বিঘ্নিত হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য পেতে ব্যাটারিচালিত রেডিও ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার সময় দেশটির কর্মকর্তারা দাবি করেছিলেন, স্থাপনাগুলোর বাইরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। তবে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি সম্পূর্ণ ভিন্ন মাত্রায় পৌঁছাতে পারে।

এদিকে ইউরোপের কয়েকটি দেশও নাগরিকদের বাড়িতে খাবার, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিচ্ছে। ইরানের প্রকাশিত নির্দেশিকা এবং ইউরোপের দেশগুলোর এমন প্রস্তুতির মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা