গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলার ঘটনায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে।
তৌফিকের চাচা বাচ্চু মিয়া জানান, পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় বসবাস করতেন তৌফিক। বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেন তিনি। শ্রমিক আন্দোলনে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
তৌফিকের স্কুলশিক্ষক প্রদীপ কুমার জানান, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব দূর করতে ঢাকায় পাড়ি জমান তৌফিক। তাঁরা শুনেছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার সকালে খবর পান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, সোমবার শ্রমিকদের আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
সদ্য সংবাদ/ এরআর