লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে আলো নিভিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২-এস উপপিলারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তের ধবলসুতী বিওপির টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন। দেশের সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।
সদ্য সংবাদ/ এরআর