পরপর দুটি ভয়াবহ রেল দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় রাজনৈতিক চাপের মুখে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। সর্বশেষ দুর্ঘটনায় ৬৯ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হওয়ার পর দায়িত্বে থাকা নৈতিকভাবে সমীচীন নয় বলে মনে করছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) দেশটির কংগ্রেসের স্থায়ী প্রতিনিধিত্ব কমিটিতে নিজের সিদ্ধান্তের কথা জানান পুয়েন্তে। তিনি বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি বড় দুর্ঘটনার পর স্পেনের মতো দেশের পরিবহনমন্ত্রীর পদে বহাল থাকা তাঁর কাছে মর্যাদার বিষয় নয়। এ পদত্যাগকে তিনি রাজনৈতিক দায়িত্ববোধ থেকে নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
শুধু মন্ত্রিত্ব নয়, আসন্ন ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনে ভ্যালাডোলিড আসনে স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রার্থিতা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
গত ২৮ অক্টোবর মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে উরদা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রমালিকানাধীন রেনফের একটি দ্রুতগতির ট্রেন বেসরকারি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিওর একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, রেলপথের স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে নিয়ন্ত্রণকক্ষ থেকে রেনফের ট্রেনটিকে স্বাভাবিক গতিতে চলার অনুমতি দেওয়া হয়েছিল। দুর্ঘটনার দায় নিয়ে রেল কর্তৃপক্ষের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় বিরোধী রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো পরিবহনমন্ত্রীর কঠোর সমালোচনা করে আসছিল। বিশেষ করে দুর্ঘটনার দায় একজন ট্রেন নিয়ন্ত্রকের ওপর চাপানোর প্রচেষ্টার অভিযোগে তাঁর অবস্থান আরও বিতর্কিত হয়ে ওঠে।
অন্যদিকে, সংসদে নিজের বক্তব্যে রেল অবকাঠামো অবহেলার অভিযোগ নাকচ করেন পুয়েন্তে। মাদ্রিদ-সেভিল রেলপথ আধুনিকায়নে ৭৮ কোটি ইউরোর প্রকল্প চলমান রয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, নিরাপত্তা ব্যবস্থায় একাধিক কর্মকর্তার অনুমোদন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৩ কোটি ইউরোর সহায়তা প্যাকেজের কথাও তুলে ধরেন।
এদিকে, দেশটির ট্রেনচালকদের সংগঠন সেমাফ আগামী ১০ ও ১২ নভেম্বর কর্মবিরতির ঘোষণা দিয়েছে। রেল খাতে কাজের পরিবেশ ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি এ কর্মসূচি দিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আন্দালুসিয়ায় মাদ্রিদ-সেভিল রেলপথে আরেকটি সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। ধারাবাহিক এসব দুর্ঘটনা স্পেনের রেল নিরাপত্তা ও সরকারের পরিবহন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
সদ্য সংবাদ/এসএস