ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা নিজের একটি ছবিও প্রকাশ করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।
তবে ছবিটি প্রকাশ করলেও তাঁদের গন্তব্য কিংবা বিদেশযাত্রার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।
এদিকে পোস্টটি প্রকাশের পরপরই ফেসবুকে ব্যাপক সাড়া পড়ে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত এতে প্রায় ৫৪ হাজার প্রতিক্রিয়া দেখা যায়। পাশাপাশি সাড়ে চার হাজারের বেশি মন্তব্য এবং দুই শতাধিক শেয়ার হয়।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান আলোচনার মধ্যে আসিফ মাহমুদের এমন মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
সদ্য সংবাদ/এসএস