নিজ দেশে সমর্থন হারালে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করে তিনি দাবি করেন, ইসরায়েলিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ৯৯ শতাংশ। তবে নিজের এই দাবির পক্ষে কোনো জরিপ বা পরিসংখ্যান তুলে ধরেননি মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি রসিকতার সুরে বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ যদি একসময় তাঁকে পছন্দ না করে, তাহলে ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তিনি।
এ সময় ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের আর্থিক সহযোগিতার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশটিকে দেওয়া বার্ষিক ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
ট্রাম্পের যুক্তি, ইসরায়েল এখন আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অর্থনৈতিক সহায়তা নেওয়ার প্রয়োজন অনুভব করে না। তবে ভবিষ্যতে দেশটির প্রয়োজন দেখা দিলে ওয়াশিংটন সহযোগিতায় এগিয়ে আসবে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, ইসরায়েলকে দেওয়া আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিকদের একটি অংশ রিপাবলিকানদের রাজনৈতিকভাবে আক্রমণ করছে।
এর আগে গত মে মাসেও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেবারও ইসরায়েলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে রসিকতা করেন তিনি।
এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের সময় যুক্তরাষ্ট্রে চলছিল গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের পাশাপাশি সিনেটের ৩৫টি আসনের ভাগ্য নির্ধারণ হচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ডেমোক্র্যাটদের লড়াইয়ের মধ্য দিয়ে এই নির্বাচন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক অবস্থানের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: ফক্স নিউজ।
সদ্য সংবাদ/এসএস