কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের আনন্দঘন মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ ট্রফি এবার বিক্রির জন্য তোলা হচ্ছে নিলামে। ২০২২ সালের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর লিওনেল মেসি ও সতীর্থরা যে রেপ্লিকা ট্রফি নিয়ে মাঠে উদযাপন করেছিলেন, সেটিই এবার নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্স আগামী ৭ নভেম্বর এই নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপ জয়ের পর মাঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ট্রফিটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে দলের সদস্যরা এতে নিজেদের স্বাক্ষরও যুক্ত করেন।
ট্রফিটির সঙ্গে নিলামে থাকছে একটি বিশেষ ট্রেডিং কার্ড। এতে বিশ্বকাপ হাতে লিওনেল মেসির ছবি রয়েছে। আয়োজকদের মতে, দুটি সামগ্রী একসঙ্গে সংগ্রহ করার মাধ্যমে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্মরণীয় মুহূর্তের একটি অংশ নিজের কাছে রাখার সুযোগ পাবেন আগ্রহীরা।
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে দলটি। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধিনায়ক মেসির হাতে ওঠে স্বপ্নের বিশ্বকাপ।
নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, ট্রফিটির সত্যতা ও মালিকানার ইতিহাস নিশ্চিত করতে প্রয়োজনীয় নোটারি দলিল সংগ্রহে রয়েছে। পাশাপাশি এর উৎস ও পূর্ববর্তী ব্যবহার প্রমাণে ছবি এবং ভিডিও সংরক্ষণ করা হয়েছে।
ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় ট্রফিটি সংগ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এজে