বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন এই মন্ত্রী।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন অর্জুন সিং।
তিনি বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়া হবে। বাংলাদেশে হিন্দুদের হত্যার ঘটনা আর মেনে নেওয়া হবে না। এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এর আগে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা ও মেঘালয়সহ ভারতের অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের অনেক মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন। এ কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব রাজ্যের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার চেষ্টা করবেন বলে জানান।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর দেশে ফেরার বিষয়ে তার এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস
সদ্য সংবাদ/এসএস