রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন আইনি ধাপ শুরু হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনালে নিজেদের বক্তব্য তুলে ধরবেন আসামিপক্ষের আইনজীবীরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরেন। পাশাপাশি মামলার ঘটনাপ্রবাহ এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় আদালতের সামনে উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণ রয়েছে।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাদের তালিকায় রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
অন্যদিকে, শেখ হাসিনাসহ বাকি আসামিদের অনেকে পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, ইমরান এইচ সরকার এবং সাবেক আইজিপি ও সেনাপ্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আত্মসমর্পণের নির্দেশ দিয়েও সাড়া না পাওয়ায় গত ১৬ সেপ্টেম্বর ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
সদ্য সংবাদ/এসএস