অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব শেষে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
বিদায়ের আগে বঙ্গভবনে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। হাফিজ উদ্দিন আহমদ গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে বঙ্গভবনে উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন হাফিজ উদ্দিন আহমদ। আনুষ্ঠানিকতা শেষে গাড়িবহর নিয়ে বঙ্গভবন প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান তিনি।
বঙ্গভবন থেকে প্রকাশিত ভিডিওতেও তার গাড়িবহর বঙ্গভবন এলাকা ত্যাগের দৃশ্য দেখা গেছে।
এদিকে দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টা থেকে জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে অলি আহমেদের নাম রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় আজ তার সেই দায়িত্বেরও অবসান হলো।
সদ্য সংবাদ/এসএস