জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, তেল-গ্যাসের সংকটের কথা বলার পরও ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চে বিপুল জ্বালানি ব্যয় হচ্ছে কীভাবে। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? এই কর্মসূচির খরচের হিসাব জনগণের জানার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন শামা ওবায়েদ।
বিরোধী দলকে সংসদে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে সংসদেই সমস্যার সমাধান করা সম্ভব। লংমার্চের মতো কর্মসূচিতে জ্বালানি ব্যয় না করে সংসদে এসে কথা বলার পরামর্শ দেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল সংসদে নিয়মিত উপস্থিত থাকছে। তাই তাদের দাবিগুলোও সংসদে উপস্থাপন করা উচিত। আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজন হলে বিএনপি সরকারের নেতৃত্বেই তা বাস্তবায়ন করা হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কৃষকদের মধ্যে সারের সংকট নিয়ে অসন্তোষ তৈরির চেষ্টা করা হলেও দেশে সার নিয়ে কোনো সংকট নেই বলে দাবি করেন তিনি।
জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির জন্য আগের সরকারের সময়কার অনিয়ম ও অব্যবস্থাপনাকে দায়ী করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার অভিযোগ, দীর্ঘ ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও সেগুলোর পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি।
দেশের সম্ভাব্য গ্যাস মজুত কাজে লাগানোর ক্ষেত্রেও আগের সরকার যথাযথ উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও জ্বালানি খাতের কাঙ্ক্ষিত উন্নতি করতে পারেনি বলে দাবি করেন শামা ওবায়েদ।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জমে থাকা আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতি অল্প সময়ের মধ্যে পুরোপুরি দূর করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সময় ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শামা ওবায়েদ ইসলাম।
সদ্য সংবাদ/এসএস