ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রয়োজনে তাঁর ভ্রমণের টিকিটের ব্যবস্থাও করা হবে।
শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার পরিবর্তে দেশে ফিরে আসা উচিত। জনগণের উদ্দেশে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি শেখ হাসিনাকে প্রকাশ্যে দেশে ফেরার আহ্বান জানান।
বিগত শাসনামলে ভোটাধিকার হরণ, দুর্নীতি, অর্থ লুটপাট, গুম ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী ও শিশুসহ যারা প্রাণ হারিয়েছেন, সেসব ঘটনারও বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে। এসব ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারিও দেন তিনি।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কোনো পক্ষ ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে আইন নিজের হাতে না তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপির সমর্থিত প্রার্থী বাছাই করা হবে। যোগ্য ও জনসমর্থন রয়েছে এমন প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কর্মী হিসেবে তিনি কাজ করে যেতে চান। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস