জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির প্রচারণার সময় মাইকে বেজে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। এ ঘটনার ৩৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় সংগীত ও নেতাদের বক্তব্য প্রচারের উদ্যোগ নেয় বিএনপি। সকালে আগ্রাবাদ এলাকায় চলছিল এ কর্মসূচি। প্রচারণার একপর্যায়ে হঠাৎ বেজে ওঠে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে মাইকে গানটি বাজছে। এ সময় ওই সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল।
বিষয়টি নিয়ে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা জানান, দিবসটি উপলক্ষে বিভিন্ন এলাকায় দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে প্রচারণার মধ্যে অন্য একটি দলের গান বাজানোর ভিডিও তিনি দেখেছেন। তবে কারা এটি বাজিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নন।
অন্যদিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, গান বাজানোর বিষয়টি পুলিশের নজরে আসার পর ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইউটিউব থেকে ধারাবাহিকভাবে দলীয় গান প্রচারের সময় অসতর্কতাবশত গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়। গানটি ইচ্ছাকৃতভাবে বাজানো হয়নি বলেও আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস