চিকিৎসকদের পেশাগত পরিচয়কে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ে আখ্যায়িত করা কিংবা রাজনৈতিক বিরোধের মধ্যে জড়িয়ে ফেলা উচিত নয়। চিকিৎসকরা যেন স্বাধীনভাবে মানুষের সেবা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, চিকিৎসকদের ক্ষেত্রে দলীয় পরিচয় সামনে আনা অনুচিত। বিএনপির ডাক্তার বলে আলাদা কোনো পরিচয় থাকতে পারে না। চিকিৎসকের মূল পরিচয় তিনি একজন চিকিৎসক। তাই তাদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং রাজনীতির প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। শুধু একটি সরকার নয়, সব সরকারের আমলেই এই নীতি অনুসরণ করা উচিত।
দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা এখনো যথেষ্ট দক্ষ। অতীতে অনেক মেধাবী চিকিৎসক দেশের মানুষের সেবা করেছেন। সময়ের সঙ্গে অনেকে কর্মজীবন থেকে বিদায় নিলেও চিকিৎসাক্ষেত্রে তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই।
বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকদের সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। উন্নত হাসপাতাল ও চিকিৎসাসেবার সুযোগ সীমিত থাকায় অনেকেই বিদেশমুখী হন। কখনো পরিবারের সদস্যদের চাপেও দেশের বাইরে চিকিৎসা নিতে হয়। অথচ বাংলাদেশে যে উন্নত চিকিৎসা সম্ভব, সে সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
তিনি আরও বলেন, দেশের চিকিৎসাসেবার ইতিবাচক দিকগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের চিকিৎসকরা বিদেশেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো জরুরি।
সদ্য সংবাদ/এসএস