পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে পদায়ন করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে। টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত রয়েছেন।
রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই ইউনিটে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কবীর আহম্মেদকেও।
অন্যদিকে, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর