আগামী এক দশকেও বর্তমান সরকারের পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। এ বিষয়ে তিনি নিশ্চয়তা দেওয়ার কথাও বলেছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে গত ১৭ বছরে শিক্ষকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সেলিম ভূইয়া বলেন, ওই সময়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করা শিক্ষকদের বিরুদ্ধে প্রমাণসহ তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, কারও প্রতি অন্যায় বা জুলুম করার ইচ্ছা তাদের নেই। তবে কেউ তাদের দুর্বল ভাবলে ছাড় দেওয়া হবে না। প্রতিহিংসার রাজনীতি না করার কথা জানিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা পিছপা হবেন না।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ টেনে সেলিম ভূইয়া বলেন, এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। অথচ অতীতে তাদের দলের নেতাকর্মীদেরও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বয়স ৮৬ বছর হওয়ার পরও আদালতে হাজিরা দিতে হয়েছে এবং তাকে হাতকড়া পরানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। নিজের বিরুদ্ধে ৪০টি মামলা থাকার কথা জানিয়ে অতীতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের হাতে আটক এবং আদালতে নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। তার দাবি, গত ১৭ বছরে শিক্ষকদের দিয়ে বইয়ে নানা বক্তব্য অন্তর্ভুক্ত করানো হয়েছে এবং সেগুলো শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি তৎকালীন পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
সদ্য সংবাদ/এসএস