দেশের সাত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় জেলাটিতে মোতায়েনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
বাহিনীটির তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ ছাড়াও গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখার লক্ষ্যেই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধেও কাজ করছেন সদস্যরা।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা এবং সমন্বিত পরিকল্পনার আওতায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত এলাকায় দায়িত্ব পালন করছেন তারা।
নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি স্থির অবস্থানে পাহারা, মোবাইল টহল ও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সদ্য সংবাদ/এজে