দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) টানা প্রায় ১২ ঘণ্টার বৈঠক শেষে গভীর রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা, যা আগের তুলনায় ৩৬ শতাংশ বেশি।
বৈঠকে শুরুতে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এ অবস্থায় গ্রেড-৪-এর মজুরি নির্ধারণে ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
বোর্ডের ছয় সদস্যের মধ্যে দুই শ্রমিক প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্যের ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে। ফলে ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গ্রেড-৪-এর সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
নতুন কাঠামোতে গ্রেড-৩-এর মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তিন গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সদস্যরা একমত হন।
বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর ১২৯ ধারা অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। ভোটে চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে মত দেওয়ায় ওই অঙ্ককে চূড়ান্ত করা হয়েছে।
এদিকে, মজুরি নির্ধারণের বৈঠক চলাকালে বোর্ড কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানান। সরকারের প্রত্যাশা, নতুন মজুরি কাঠামোর মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি পোশাকশিল্পের সক্ষমতাও বজায় থাকবে।
সদ্য সংবাদ/এজে