দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে দেশটি। বিশেষ করে জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল। প্রস্তাবটি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। তাঁদের যাতায়াত আরও সহজ করতে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়টি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ দুটি রুটে ফ্লাইট চালুর প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।
বৈঠকে দুই দেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে আন্তর্জাতিক পর্যটকদের কাছে দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলার সম্ভাবনার কথা জানান।
পাশাপাশি পর্যটক যাতায়াত বাড়ানো, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার পর্যটন খাতে যৌথ উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। এর মাধ্যমে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এজে