গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগ তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে ৯৭ ব্যক্তি এবং চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি এসব হিসাবের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
জব্দ করা হিসাবের মালিকদের তালিকায় রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতাদের নামও রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে কোটালীপাড়া উপজেলার ৩২ জন রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জন কাশিয়ানী উপজেলার। এ ছাড়া গোপালগঞ্জ সদর থেকে ১৭ জন, টুঙ্গিপাড়া থেকে ১৫ জন এবং মুকসুদপুর থেকে ১৪ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তালিকায় থাকা ৯৭ জনের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তাঁর স্ত্রীসহ ১২ জনের পরিচয় ইতোমধ্যে জানা গেছে। বাকি ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের ব্যাংক হিসাবের লেনদেনসংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ চলছে। এনবিআরের গোয়েন্দা বিভাগের এই কার্যক্রমের মাধ্যমে অভিযোগে উল্লিখিত অর্থের উৎস ও লেনদেনের ধরন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে