সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে খালি থাকা বাসা ও ফ্ল্যাট বরাদ্দের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি আবাসন পরিদপ্তর। এবার সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় আবেদন গ্রহণ ও বাসা বরাদ্দ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট শ্রেণির বাসা বরাদ্দের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা এফ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এসব বাসা আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকায় রয়েছে। অন্যদিকে, ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য ই-শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রাখা হয়েছে। এ শ্রেণির বাসা পাওয়া যাবে শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায়।
এ ছাড়া সপ্তম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ডি-১ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এ শ্রেণির আবাসন রয়েছে শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায়।
বিভিন্ন অস্থায়ী আবাসন সুবিধার আওতায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ, বেইলি স্কয়ার, বেইলি ব্যাচেলর হোস্টেল এবং সার্কিট হাউজ রোড এলাকায় বাসা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি নিউ সার্কিট হাউজ, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম ও পুরাতন সার্কিট হাউজেও বাসা পাওয়ার সুযোগ রয়েছে। ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধাও রাখা হয়েছে।
পরিত্যক্ত শ্রেণির কিছু বাসা বরাদ্দের তালিকায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে এফ, ডি ও বি শ্রেণির বাসা রয়েছে। মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় একটি বি-শ্রেণির ফ্ল্যাটও বরাদ্দ দেওয়া হবে।
আবেদনের ক্ষেত্রে বেতন গ্রেড ও প্রাপ্যতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণক সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। এ জন্য bashaonline.com ওয়েবসাইট ব্যবহার করতে হবে। একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন।
পরিদপ্তর জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জমা দেওয়া আবেদন বিবেচনায় নেওয়া হবে না। বাসা বরাদ্দ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে, সর্বোচ্চ ১০ দিনের মধ্যে দখল বুঝে নিতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল হতে পারে।
এ ছাড়া পরপর দুইবার বাসা বরাদ্দ পেয়েও দখল গ্রহণ না করলে পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ থাকবে। আগে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যারা বাসা পাননি, তারাও নতুন করে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ বাধ্যতামূলক। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবাসন বরাদ্দসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সরকারি আবাসন পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ জন্য ০১৩০৪২৪০৩২১ অথবা ০১৭১০০৬৮১৩৮ নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।
সদ্য সংবাদ/এজে