নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন অথবা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন সারাদেশে একযোগে বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। এ ক্ষেত্রে শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করেই বিতরণ কার্যক্রম শুরু করতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানোর কাজ চলছে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের সব বই ছাপা ও সরবরাহের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রাথমিক স্তরের বইয়ের ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ি স্তরের ৯৪ দশমিক ১২ শতাংশ বইয়ের প্রাক-সরবরাহ পরিদর্শন সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ের ৯২ দশমিক ৯৭ শতাংশের পরিদর্শন শেষ হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত এ স্তরের প্রায় ৯২ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।
বই বিতরণের প্রস্তুতি সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবার বই বিতরণে আগের বছরের আয়োজনেও পরিবর্তন আসছে। নতুন বইয়ের প্রতীকী প্রদর্শনী কিংবা আংশিক বই দিয়ে উৎসব না করে সব বই প্রস্তুত হওয়ার পর বিতরণ কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে পহেলা জানুয়ারির বড় আয়োজনের পরিবর্তে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যসূচিতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক বই যুক্ত করা হয়েছে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান।
এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের জন্য নতুন করে পাঠ্যক্রম পরিমার্জনের প্রস্তুতিও চলছে। এ লক্ষ্যে বিশ্বের ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম পর্যালোচনা করা হচ্ছে। তবে বই বিতরণের চূড়ান্ত তারিখ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সদ্য সংবাদ/এজে