সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় আসা আইনজীবী এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই বাসায় কামাল উদ্দিনের অবস্থানের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা বাসাটি ঘিরে তাকে অবরুদ্ধ করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন কামাল উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এম কামাল উদ্দিন পেশায় একজন আইনজীবী। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে চট্টগ্রাম আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও যুক্ত ছিলেন।
গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি। ওই কমিটির সভাপতি হিসেবে নিজের পরিচয় দিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
সেই আলোচনার মধ্যেই এবার চট্টগ্রামের কর্ণফুলী থেকে তাকে আটক করল পুলিশ।
সদ্য সংবাদ/এজে