গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে জড়ো হন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। মিছিল থেকে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগানও দেওয়া হয়।
এদিকে গোপালগঞ্জের এই পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে দায়িত্ব দেওয়া না হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গ টেনে তার নিয়ন্ত্রণ সক্ষমতার কথা উল্লেখ করেন।
পোস্টে আসিফ মাহমুদ আরও বলেন, অন্য কেউ দায়িত্ব নিতে না পারলে অন্তত দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসও দেন তিনি।
সদ্য সংবাদ/এসএস