গ্র্যামি পুরস্কারজয়ী জনপ্রিয় গসপেল সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ডেডলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিবার ও ব্যান্ডের দেওয়া বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন স্টারবান। এর পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে।
১৯৭২ সাল থেকে ‘দ্য ওক রিজ বয়েজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন স্টারবান। এর আগে সংগীতশিল্পী এলভিস প্রিসলির ব্যাকআপ গায়ক হিসেবে কাজ করেছেন তিনি। সেই কাজ ছেড়ে যোগ দেন এই ভোকাল গ্রুপে। দলটির জনপ্রিয় গান ‘এলভিরা’ বিশ্বজুড়ে পরিচিতি পায়।
দীর্ঘদিন ব্যান্ডের সঙ্গে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন স্টারবান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালে তাঁর নিয়মিত সফর ও মঞ্চে সংগীত পরিবেশনা বন্ধ হয়ে যায়।
সংগীতজীবনে ‘দ্য ওক রিজ বয়েজ’ পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া ২৩ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনেও সংগীত পরিবেশন করেছে তারা। পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ও ‘গ্র্যান্ড ওলে অপ্রি’-তে পারফর্ম করেছে দলটি।
কিংবদন্তি সংগীতশিল্পী জনি ক্যাশের সঙ্গে সফর করেছে ‘দ্য ওক রিজ বয়েজ’। পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিং স্লাইডিন’ অ্যাওয়ে’-তেও ব্যাকআপ ভোকাল দিয়েছিল তারা।
রিচার্ড স্টারবানের মৃত্যুতে কান্ট্রি ও গসপেল সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সদ্য সংবাদ/ এআর