বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নাশকতা ও সহিংসতায় জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
শনিবার (২১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভীর এ বক্তব্য জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা চালিয়েছে। এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা একটি গোষ্ঠী দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তার ভাষ্য, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচিত সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে। তবে এসব সহিংসতা চালিয়ে সরকারের অবস্থান দুর্বল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, বিএনপি সরকারের সংযমকে কেউ দুর্বলতা হিসেবে বিবেচনা করলে ভুল করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটিয়ে সরকারকে ভয় দেখানো যাবে না। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জুলাই-আগস্টের সহিংসতার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ওই সময়ে ব্যাপক নির্যাতন ও প্রাণহানির পরও সংশ্লিষ্টদের মধ্যে অনুশোচনা দেখা যায়নি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় ফিরে যেতে চায় না বলেও দাবি করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো গোষ্ঠী যাতে সহিংসতা ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে সতর্ক থাকতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান রিজভী।
সদ্য সংবাদ/এজে