জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ পরিবেশ, সাংগঠনিক দুর্বলতা এবং দুই নেতার বিরুদ্ধে অপমান-হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের কথা জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। সেখানে তিনি বলেন, জুলাইয়ের আগে দেশের সংকটময় সময়ে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে তরুণদের গণতান্ত্রিক রাজনীতিতে সংগঠিত করার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হন।
দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ে কাজ করেছেন তিনি। নোয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও দায়িত্ব পালন করেন। দলের ২৪ দফার রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক নথি তৈরিতে অবদান রাখার কথাও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে সুলতান জাকারিয়া অভিযোগ করেন, দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে শুরু থেকেই নেতৃত্বকে পরামর্শ দিয়ে আসছিলেন। তবে দলকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টা প্রত্যাশিত অগ্রগতি পায়নি। তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে—এমন আশায় তিনি ধৈর্য ধরেছিলেন বলেও জানান।
পদত্যাগের পেছনে নোয়াখালীর একটি ঘটনার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে দলের কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীদের কাছ থেকে গালাগাল, অপমান ও হয়রানির শিকার হন তিনি। এ ঘটনার পাশাপাশি ওই দুই নেতার বিরুদ্ধে স্থানীয় রাজনীতিতে গ্রুপিং, প্রভাব বিস্তার, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার অভিযোগও করেন তিনি।
সুলতান জাকারিয়ার ভাষ্য, এসব বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে একাধিকবার জানানোর পাশাপাশি নিয়ম মেনে শৃঙ্খলা কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারবার তাগাদা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি। বরং অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ অবস্থায় আত্মমর্যাদা বজায় রেখে দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন সুলতান জাকারিয়া। তার মতে, রাজনৈতিক মতপার্থক্য ব্যক্তিগত আক্রমণ, গালাগাল ও হুমকির পর্যায়ে পৌঁছানো গ্রহণযোগ্য নয়।
এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, জাতীয় রাজনীতিতে দলটি তার প্রথম রাজনৈতিক সংগঠন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা রয়েছে তার। একই সঙ্গে দলের অনেক সহকর্মীর মধ্যে দেশের প্রতি আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা দেখেছেন বলেও জানান।
তবে ভবিষ্যতে দলটির সামনে নিজেদের সাংগঠনিক শুদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে অনিয়ম ও দুর্বৃত্ত রাজনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই যুগ্ম আহ্বায়ক।
পদত্যাগের পর আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তার বক্তব্য, দলীয় পরিচয়ের বাইরে থেকেও দেশের স্বার্থে কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। বাংলাদেশকে উদার গণতান্ত্রিক, মানবিক, সমৃদ্ধ ও আত্মরক্ষায় সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যারা কাজ করবে, তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সদ্য সংবাদ/এজে